'পুলিসকে কীভাবে কাজ করাতে হয় জানি', কাদের হুঁশিয়ারি বিজেপি বিধায়কের?
Durgapur: স্থানীয়দের অভিযোগ, গোপালপুর উত্তরপাড়ায় দীর্ঘদিন ধরেই বসছে মদ ও গাঁজার ঠেক। এমনকি ব্রাউন সুগারের আসর বসার অভিযোগও উঠেছে
চিত্তরঞ্জন দাস: মদ,গাঁজা, ব্রাউন সুগারের আসর বসার অভিযোগ! প্রতিবাদ করতে গেলেই রক্তাক্ত হতে হচ্ছে সাধারণ মানুষকে। অসামাজিক কার্যকলাপকে কেন্দ্র করে এবার রীতিমত রণক্ষেত্রের চেহারা নিল পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার গোপালপুর উত্তরপাড়া। দুই পক্ষের সংঘর্ষে মাথা ফাটল একাধিক মহিলার। ধারাল অস্ত্রের কোপে গুরুতর জখম আরও এক । আহত আরও বেশ কয়েকজন। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।
ওই ঘটনার পরেই কার্যত হুঁশিয়ারির সুরে বিস্ফোরক মন্তব্য দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের। হুঁশিয়ারি দিয়ে বলেন, “আগামী দিনে এই ধরনের ঘটনা ঘটলে পুলিসকে কীভাবে কাজ করাতে হয়, আমাদের জানা আছে। সেইভাবেই করানো হবে।”
ঘটনার সূত্রপাত রবিবার রাতে। স্থানীয়দের অভিযোগ, গোপালপুর উত্তরপাড়ায় দীর্ঘদিন ধরেই বসছে মদ ও গাঁজার ঠেক। এমনকি ব্রাউন সুগারের আসর বসার অভিযোগও উঠেছে। এই অভিযোগে ক্ষোভ বাড়ছিল বাসিন্দাদের মধ্যে। শুরু হয় প্রতিবাদ।
অভিযোগ, প্রতিবাদ করতে গেলেই শুরু হয় দুই পক্ষের মধ্যে তীব্র বচসা। আর সেই বচসা থেকে মুহূর্তের মধ্যে সংঘর্ষের চেহারা নেয়। শুরু হয় হাতাহাতি, ধস্তাধস্তি ও মারধর। অভিযোগ, সংঘর্ষের সময় ধারাল অস্ত্র দিয়েও হামলা চালানো হয়। তাতেই এলাকার এক ব্যক্তি গুরুতর জখম হন। মাথা ফেটে রক্তাক্ত হয় বেশ কয়েকজন মহিলাও। আহত হয় এলাকার আরও একাধিক বাসিন্দা। তাঁদের মধ্যে বেশ কয়েকজন দুর্গাপুর মহকুমা হাসপাতালে এবং রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
রবিবার রাতে পুলিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু রাতের উত্তেজনা থামলেও সোমবার সকালেই ফের নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে গোপালপুর উত্তরপাড়া। খবর পেয়ে আবার আসে কাঁকসা থানার বিশাল পুলিস বাহিনী। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এলাকায় চলছে পুলিশি টহল ও কড়া নজরদারি।
পুলিসকে কড়া পদক্ষেপের বার্তা দিয়ে দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি জানতে পেরেছি,এলাকায় মদ,গাঁজা ও ব্রাউন সুগারের আসর বসে। এই খবর পাওয়া মাত্রই আমরা পুলিসকে জানিয়েছি। পুলিস গিয়ে ব্যবস্থা গ্রহণ করেছে। যারা এই ঘটনা ঘটাচ্ছে,তাদের বেশ কয়েকজনকে আটক করেছে পুলিস। পুলিস নজরদারি চালাচ্ছে। আগামী দিনে যদি এই ধরনের ঘটনা আবার ঘটে,পুলিসকে কীভাবে কাজ করাতে হয়,আমাদের জানা আছে। সেই ভাবেই করানো হবে।”
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)