SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

রক্তের সম্পর্কে বিয়ে কি নিষিদ্ধ হবে? সন্তানদের জিনগত রোগের ঝুঁকি এড়াতে আসছে আইন? সুপ্রিম কোর্টের বড় রায়

Supreme Court on Consanguineous Marriage: রক্তের সম্পর্কের মধ্যে বিয়ে হলে সন্তানদের জিনগত রোগের ঝুঁকি বাড়ে। এই প্রথা নিয়ন্ত্রণে আইন আনা ও স্কুল-কলেজে সচেতনতা বাড়ানোর বিষয়ে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট।

Written By Nabanita Sarkar Edited By Nabanita Sarkar
Published: Nov 21, 2026, 18:13 IST | Updated: Nov 21, 2026, 18:21 IST
Image Credit: রক্তের সম্পর্কের বিয়ে কি নিষিদ্ধ হবে?
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রক্তের সম্পর্কের মধ্যে বা নিকটাত্মীয়দের মধ্যে বিয়ে (Consanguineous Marriages) আটকানোর কোনও উপযুক্ত আইন (Legislation) আনার প্রয়োজনীয়তা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে কেন্দ্রকে নোটিস দিল সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। শুক্রবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ (Supreme Court Bench) স্পষ্ট জানিয়েছে, আদালত সরাসরি কোনও নির্দেশ দিচ্ছে না, বরং জনস্বাস্থ্য (Public Health) এবং ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার কথা মাথায় রেখে সরকারকে সংবেদনশীল (Sensitise) করতেই এই পদক্ষেপ।

কেন উঠল এই প্রশ্ন? নেপথ্যে এক তরুণীর জীবনযুদ্ধ
 

বেঙ্গালুরুর এক আইন পড়ুয়া চার্বি এস-এর দায়ের করা জনস্বার্থ মামলার (PIL) শুনানিতে এই গুরুত্বপূর্ণ বিষয়টি সামনে আসে। মামলাকারীর নিজের বাবা-মাও ছিলেন তুতো ভাইবোন (First-Cousin Marriage)। প্রথাগত এই বিয়ের জেরে জন্মগতভাবেই ৪০ শতাংশ দৃষ্টিপ্রতিবন্ধকতার (Visual Impairment) শিকার চার্বি। আদালতে তাঁর আর্জি, স্রেফ ‘প্রথা’ বা ‘রীতিনীতি’র (Customary Practices) দোহাই দিয়ে এমন একটি ব্যবস্থা চলতে দেওয়া উচিত নয়, যা অনাগত শিশুদের নিশ্চিত ও প্রতিরোধযোগ্য জিনগত রোগের (Genetic Disorders) মুখে ঠেলে দেয়। হিন্দু বিবাহ আইনের (Hindu Marriage Act, 1955) ৫(৪) এবং ৫(৫) ধারায় নিষিদ্ধ বা ‘সপিণ্ড’ সম্পর্কের (Sapinda Relationships) ক্ষেত্রে প্রথাগত ছাড় দেওয়া রয়েছে, তা পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন তিনি।

পরিসংখ্যান ও চিকিৎসাবিজ্ঞান কী বলছে?
 

জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষার (NFHS-5) তথ্য অনুযায়ী, গোটা দেশে প্রায় ১১ শতাংশ বিয়ে হয় রক্তের সম্পর্কের মধ্যে। তবে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে এই হার উদ্বেগজনক-- তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকে প্রায় ২৩ থেকে ২৮ শতাংশ বিয়েই হয় মামা-ভাগ্নি বা তুতো ভাইবোনদের মধ্যে। চিকিৎসাবিজ্ঞানের (Medical Studies) মতে, নিকটাত্মীয়দের মধ্যে বিয়ে হলে সন্তানদের শরীরে ‘হোমোজাইগোসিটি’ (Homozygosity) বেড়ে যায়। ফলে সাধারণ দম্পতির তুলনায় এদের সন্তানদের জন্মগত ত্রুটি (Congenital Birth Defects), শ্রবণ বা দৃষ্টিশক্তির সমস্যা, স্নায়বিক বিকাশজনিত ব্যাধি এবং শিশুমৃত্যুর ঝুঁকি প্রায় দ্বিগুণ হয়ে যায়।

কী বলল শীর্ষ আদালত?
 

শুনানিতে শীর্ষ আদালত স্পষ্ট করেছে, সমাজ সংস্কারমূলক আইন তৈরি করা সম্পূর্ণভাবে আইনসভা বা সংসদের (Legislature) এক্তিয়ারভুক্ত। পাশাপাশি, বিয়ে যেহেতু একটি ব্যক্তিগত পছন্দের (Personal Autonomy) বিষয়, তাই প্রাপ্তবয়স্কদের সিদ্ধান্তে আদালত সরাসরি হস্তক্ষেপ করতে পারে না। এই প্রসঙ্গে এইচআইভি পজিটিভ (HIV Positive) ব্যক্তিকে বিয়ের সংক্রান্ত পূর্বের একটি রায়ের উদাহরণ টেনে বেঞ্চ জানায়, বিয়ের ক্ষেত্রে ‘সচেতন সম্মতি’ (Informed Consent) থাকাটাই আসল।

তাই আইন প্রণয়নের পাশাপাশি স্কুল-কলেজের পাঠ্যক্রমে (School and College Curricula) বিষয়টি অন্তর্ভুক্ত করা এবং প্রাক-বিবাহ জিনগত কাউন্সেলিং (Premarital Genetic Counselling) ও সচেতনতা প্রচারের বিষয়ে কেন্দ্রের মতামত জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। প্রথা আর বিজ্ঞানের এই টানাপোড়েনে কেন্দ্র কী অবস্থান নেয়, এখন সেদিকেই তাকিয়ে দেশ।

আরও পড়ুন: সুজাতার নলি কেটে খুন করে বস্তায় ঢোকাল স্বামী: পার্কের আবর্জনায় কুকুর টেনে ছিঁড়ে খেল দেহ, ভয়ংকর কঙ্কালরহস্য

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...  
Read More

ZEENEWS TRENDING STORIES