প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ভোটে হারিয়ে ক্ষমতায় আসার ৭ মাসের মধ্যেই মর্মান্তিক মৃত্যু: কেঁপে গেল রাজনীতি
দীর্ঘ ৭১ দিন চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি থাকার পর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন কোলাথুরের TVK বিধায়ক ভি এস বাবু ২০২৬ বিধানসভা ভোটে এম কে স্ট্যালিনকে হারিয়ে আলোচনায় এসেছিলেন তিনি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তামিলনাড়ুর (Tamil Nadu) রাজনীতিতে শোকের ছায়া। দীর্ঘ ৭১ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর প্রয়াত চেন্নাইয়ের কোলাথুর (Kolathur) বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভি এস বাবু (V. S. Babu)। বৃহস্পতিবার ১৯ ন
হাসপাতালে ৭১ দিনের লড়াই
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গুরুতর শ্বাসকষ্টজনিত সমস্যা (Respiratory Illness) নিয়ে গত ৯ সেপ্টেম্বর এমজিএম হেলথকেয়ারে ভর্তি হয়েছিলেন ভি এস বাবু। তারপর থেকেই তিনি ইনটেনসিভ কেয়ার ইউনিটে (ICU) বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন।
হাসপাতালের মেডিক্যাল সার্ভিসেসের ডিরেক্টর এক বিবৃতিতে জানিয়েছেন, মাল্টিডিসিপ্লিনারি ক্লিনিক্যাল টিমের (Multidisciplinary Clinical Team) সবরকম প্রচেষ্টা সত্ত্বেও তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বৃহস্পতিবার দুপুর ২টো ১৪ মিনিট নাগাদ তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং ২টো ২৪ মিনিটে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
উল্লেখ্য, দীর্ঘ দুই মাসেরও বেশি সময় বিধায়ক হাসপাতালে ভর্তি থাকায় তাঁর স্বাস্থ্যের সঠিক তথ্য এবং এলাকার প্রশাসনিক কাজকর্মের বিকল্প ব্যবস্থা জানতে চেয়ে সম্প্রতি মাদ্রাজ হাইকোর্টে (Madras High Court) একটি জনস্বার্থ মামলাও দায়ের হয়েছিল।
কেন জাতীয় রাজনীতিতে আলোচনায় উঠে এসেছিলেন ভি এস বাবু?
চলতি বছরের (২০২৬) তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে সবচেয়ে বড় অঘটন ঘটিয়ে শিরোনামে এসেছিলেন ভি এস বাবু। ২০১১ সাল থেকে কোলাথুর কেন্দ্রটি ছিল ডিএমকে (DMK) সুপ্রিমো এম কে স্ট্যালিনের অভেদ্য দুর্গ। কিন্তু ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অভিনেতা-রাজনীতিক বিজয়ের দল টিভিকে-তে (TVK) যোগ দিয়ে কোলাথুর থেকে স্ট্যালিনের বিরুদ্ধে প্রার্থী হন বাবু। নির্বাচনে ৮২,৯৯৭ ভোট পেয়ে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনকে (৭৪,২০২ ভোট) ৮,৭৯৫ ভোটে পরাজিত করে গোটা দেশকে চমকে দিয়েছিলেন।
রাজনৈতিক জীবন
উত্তর চেন্নাইয়ের রাজনীতিতে 'পুরাসাই বাবু' নামে পরিচিত ভি এস বাবু একসময় ডিএমকে-র প্রথম সারির নেতা ছিলেন। ২০০৬ সালে ডিএমকে-র টিকিটে পুরাসাউয়ালকাম (Purasawalkam) কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন এবং ২০১১ সালে স্ট্যালিনের জয়েও বড় ভূমিকা নিয়েছিলেন। পরবর্তীতে এআইএডিএমকে (AIADMK) হয়ে তিনি টিভিকে-তে যোগ দেন।
তাঁর প্রয়াণে মুখ্যমন্ত্রী বিজয় গভীর শোক প্রকাশ করে একে দলের 'অপূরণীয় ক্ষতি' বলে বর্ণনা করেছেন। অন্যদিকে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ভুলে প্রাক্তন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এক্স-এ (X) লিখেছেন, 'ভি এস বাবুর আকস্মিক প্রয়াণের খবরে আমি গভীরভাবে শোকাহত। তাঁর শোকসন্তপ্ত পরিবার ও দলীয় কর্মীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই।' বাবুর প্রয়াণে কোলাথুর বিধানসভা আসনটি শূন্য হল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)