ভাইফোঁটায় প্যারাগ্লাইডিঙের সেফটি বেল্ট ছিঁড়ে ২৫০০০ ফুট থেকে ছিটকে পড়ল শুভম, নিচ থেকে দেখল বোন: গভীর জঙ্গলে দেহের টুকরো টুকরো অংশ
Bir-Billing Paragliding Accident: হিমাচল প্রদেশের বীর-বিলিংয়ে (Bir-Billing) ট্যান্ডেম প্যারাগ্লাইডিং করার সময় পড়ে গিয়ে মৃত্যু হলো গ্রেটার নয়ডার ২৬ বছর বয়সি ওএনজিসি কর্মীর। পাইলটের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অ্যাডভেঞ্চারের আনন্দ মুহূর্তের মধ্যে বদলে গেল গভীর শোক আর আতঙ্কে। বিশ্বের অন্যতম জনপ্রিয় প্যারাগ্লাইডিং প্লেস হিমাচল প্রদেশের (Himachal Pradesh) কাংড়া জেলার বীর-বিলিংয়ে (Bir-Billing)। প্যারাগ্লাইডিং (Paragliding) করার সময় মাঝ-আকাশ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হল ২৬ বছর বয়সি এক পর্যটকের। মৃত তরুণের নাম শুভম ডোবলিয়াল (Shubham Dobliyal)। তিনি উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার (Greater Noida) বাসিন্দা এবং রাষ্ট্রায়ত্ত সংস্থা ওএনজিসি-তে (ONGC) কর্মরত ছিলেন।
এই ঘটনার পর প্যারাগ্লাইডিং পাইলটের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে মামলা রুজু করেছে পুলিস।
ঠিক কী ঘটেছিল সেদিন বিকেলে?
পুলিস সূত্রে জানা গিয়েছে, শুভম তাঁর বোন বংশিকা এবং তিন তুতো ভাইবোনের সঙ্গে হিমাচল প্রদেশে বেড়াতে গিয়েছিলেন। সোমবার বীর-বিলিংয়ে পৌঁছনোর পর মঙ্গলবার বিকেল ৪টে ১০ মিনিট নাগাদ তাঁরা ট্যান্ডেম প্যারাগ্লাইডিংয়ের (Tandem Paragliding) জন্য বিলিং টেক-অফ পয়েন্টে যান। পাঁচজনের মধ্যে শুভমই প্রথম পাইলট বিনয় কুমারের (Vinay Kumar) সঙ্গে আকাশে ওড়েন। কিন্তু উড়ানের কিছুক্ষণের মধ্যেই দুর্ভাগ্যজনকভাবে গ্লাইডার থেকে ছিটকে নিচে দুর্গম পাহাড়ি জঙ্গলে পড়ে যান তিনি।
গভীর রাতে উদ্ধার ও পুলিসের পদক্ষেপ
মঙ্গলবার সন্ধ্যায় এমার্জেন্সি হেল্পলাইন ১১২-তে (ERSS-112) দুর্ঘটনার খবর পৌঁছনোর পরই পুলিস ও বিপর্যয় মোকাবিলা দল (Rescue Team) তল্লাশি অভিযান শুরু করে। ঘন জঙ্গল ও দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় উদ্ধারকাজে বেশ বেগ পেতে হয়। রাত ১০টা নাগাদ শুভমকে জঙ্গল থেকে উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত শুভমের আত্মীয়র অভিযোগের ভিত্তিতে বুধবার (১১ নভেম্বর) বীর থানায় ৪৫ বছর বয়সি অভিযুক্ত পাইলটের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (Bharatiya Nyaya Sanhita - BNS) ১০৬ এবং ১২৫ ধারায় গাফিলতির জেরে মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। কাংড়ার পুলিস সুপার কুলভূষণ ভার্মা জানিয়েছেন, দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।
কেন বারবার ঘটছে এমন দুর্ঘটনা? উঠছে নিরাপত্তার প্রশ্ন
বিশেষজ্ঞ ও স্থানীয় প্রশিক্ষকদের মতে, মাঝ-আকাশ থেকে পর্যটকের পড়ে যাওয়ার পেছনে মূলত দুটি কারণ থাকতে পারে-- হয় উড়ানের আগে সেফটি হারনেস বা বেল্ট (Safety Harness) ঠিকমতো লক করা হয়নি, অথবা আকাশে ওড়ার পর কোনওভাবে বেল্টটি খুলে গিয়েছিল।
উল্লেখ্য, বীর-বিলিংয়ে প্যারাগ্লাইডিং দুর্ঘটনা এই প্রথম নয়। গত মাসেই একাধিক হার্ড ল্যান্ডিং (Hard Landing) এবং এক বুলগেরিয়ার নাগরিকের মৃত্যুর পর সেখানে সাময়িকভাবে সোলো প্যারাগ্লাইডিং (Solo Paragliding) বন্ধ রাখা হয়েছিল। পরে ‘হিমাচল প্রদেশ অ্যারো স্পোর্টস রুলস ২০২২’ (HPASR 2022) এবং ‘ন্যাশনাল এয়ার স্পোর্টস গাইডলাইনস ২০২৩’ (NASG 2023) কঠোরভাবে মেনে চলার শর্তে ফের উড়ানের অনুমতি দেওয়া হয়। তা সত্ত্বেও এমন প্রাণহানির ঘটনায় বাণিজ্যিক প্যারাগ্লাইডিং সংস্থাগুলোর নজরদারি ও সরঞ্জাম পরীক্ষা (Equipment Inspection) নিয়ে ফের বড়সড় প্রশ্নচিহ্ন উঠে গেল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)