বাজার ছেয়ে গিয়েছে কৃত্রিম সোনায়? তাই কি হুড়মুড়িয়ে দাম কমছে হলুদ ধাতুর? হাড়হিম অন্তর্তদন্তে উঠে এল আসল কারণ
Why Gold Price is slipping massive: বিশ্বের বাজারে এখনও অপরিসীম প্রভাব মার্কিন অর্থনীতি এবং বাণিজ্য নীতির। ভারতীয় সোনা ব্যবসায়ীরা মূলত মার্কিন যুক্তরাষ্ট্রে সোনা রফতানি করে।
অয়ন ঘোষাল: কৃত্রিম সোনা এসে গেছে ভারতের বাজারে। সেটাই কি সোনার দামে হুড়মুড়িয়ে পতনের কারণ? নাকি নেপথ্যে অন্য গল্প? সোনার দাম মাটিতে গড়াগড়ি খাচ্ছে। বিয়ের মরসুমে মধ্যবিত্তের মুখ হাসি ফুটলেও, মাথায় হাত ব্য়বসায়ী ও বিক্রেতাদের। কিন্তু এই দুর্দিন কেন? হাজার টাকায় সোনার দাম নেমে আসার মত অবস্থা হল কেন?
কারণ ব্যাখ্যা করলেন ব্যবসায়ীমহল...
১০০ কেজি পারদ। তারমধ্যে থেকে নেওয়া ৪ কেজি রেনোনিয়াম। যার মূল কাজ পারদকে চকচকে করে তোলা। সেই রেনোনিয়াম এর সঙ্গে যুক্ত হচ্ছে প্রতি ১০০ গ্রামে ৭৯ গ্রাম প্রোটন। এরপর অ্যালকেমিস্টদের ম্যারাথন ফিউশন। ব্যস তৈরি হয়ে গেল ২২ ক্যারেটের কৃত্রিম সোনা।
২০২৫ সালের অক্টোবরে ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ বা সার্ন পরীক্ষামূলক ভাবে ২৯ পিকোগ্রাম কৃত্রিম সোনা তৈরি করে। অর্থাৎ পারদ দিয়ে তৈরি করা হয় পারদের চেয়ে ১০ গুণ বেশি হলুদ ধাতু। তখনই প্রশ্ন ওঠে, এই ফর্মুলা যদি ভুল হতে পড়ে তাহলে তো এর বাণিজ্যিক অপ ব্যবহার হবে। সেই আশঙ্কা সত্যি প্রমাণ করে ২০২৫ সালে নয়াদিল্লি, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রাজস্থানের যোধপুর এবং ২০২৬ সালের মে মাসে রাজস্থানের জয়পুরে খোলা বাজারে এরকম বেশ কিছু অ্যালকেমিস্ট অর্থাৎ কৃত্রিম সোনার সন্ধান পাওয়া যায়।
কোথা থেকে এল?
সূত্রের খবর, চিন থেকে। ভারতীয় অর্থনীতির অলিখিত সম্রাট সোনা। তাহলে কি কোভিড এর পর এটাই চিনের নয়া কারসাজি? ভারতীয় অর্থনীতিকে দুর্বল করার ষড়যন্ত্র?
ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বা BIS বলছে কোনটা খাঁটি আর কোনটা কৃত্রিম সেটা যাচাইয়ের জন্য সোনার গায়ে খোদাই করা ৬ ডিজিটের নম্বর খুঁজে বের করুন। তারপর মোবাইল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন BIS CARE APP। সেখানে ওই খোদাই করা নম্বর টাইপ করে এন্টার করুন। ওই সোনার ঠিকুজি কুষ্ঠী নাড়ি নক্ষত্র জেনে যাবেন।
কিন্তু বিষয়টা কি এত সহজ?
বোধহয় না। কারণ ব্যাংকে গচ্ছিত রাখা সোনা, গোল্ড লোন নেওয়ার জন্য জমা দেওয়া সোনা এখনও যাচাই হয় মান্ধাতা আমলের কোষ্ঠী পাথর দিয়ে। কোনটা খাঁটি আর কোনটা কৃত্রিম, সেটা ধরার ক্ষমতা কোষ্ঠী পাথরের নেই। তার জন্য প্রয়োজন একটি আপগ্রেডেড মেশিন। যার দাম ২৫ লক্ষ টাকা। দেশের মুষ্টিমেয় সোনা কারবারিদের কাছে ওই মেশিন আছে। তারা সহজেই ভেজাল সোনার ফাঁকি ধরতে পারেন।
কিন্তু বাকিরা?
এই কৃত্রিম সোনার পরিমাণ এখনও পর্যন্ত ভারতীয় বাজারে নগণ্য। বলছেন অভিজ্ঞ স্বর্ণ ব্যবসায়ীরা। তাহলে হঠাৎ সোনার দামে ইন্দ্র পতনের নেপথ্যে আসল কারণ কি?
কারণ মার্কিন যুক্তরাষ্ট্র। আরও বিশদে বলতে গেলে, কারণটা হল মধ্যবর্তী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পরাজয়। বিশ্বের বাজারে এখনও অপরিসীম প্রভাব মার্কিন অর্থনীতি এবং বাণিজ্য নীতির। ভারতীয় সোনা ব্যবসায়ীরা মূলত মার্কিন যুক্তরাষ্ট্রে সোনা রফতানি করে। সেই রফতানিতে বেনজির চড়া শুল্ক হাঁকিয়েছিলেন ট্রাম্প। ফলে বেড়েছিল সোনার দাম।
মাঝে শুরু হল ইরান মার্কিন যুদ্ধ। তেলের দাম বাড়বে ধরে নিয়ে আতঙ্কে সোনার আন্তর্জাতিক বড় বড় প্লেয়াররা সোনা জমাতে শুরু করলেন। বিশ্ব জুড়ে তৈরি হল অভূতপূর্ব স্বর্ণ সংকট। যুদ্ধে জড়িয়ে পড়া একাধিক দেশ নাগারে সোনা কিনে মজুত করতে শুরু করল অর্থনৈতিক ব্যাকআপ হিসেবে। ট্রাম্পের পরাজয়ে যুদ্ধের হিড়িক কমল। অনেকটা ফিরল স্থিতাবস্থা। ব্যস। মজুদ রাখা সোনা বেচে দেওয়ার হিড়িক শুরু হল। বাজারে যোগান বাড়ল হলুদ ধাতুর। ভারসাম্য এল দামে।
আরেকটি বড় কারণ, ভারতের অজস্র মন্দিরে ডেড অ্যাসেট হিসেবে পড়ে থাকা সোনা খোলা বাজারে এনে ফেলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইঙ্গিত দিয়েছিলেন। বলেছিলেন, এখনই কেউ সোনা কিনবেন না। মনে পড়ে? আসলে সেই সময় কেন্দ্র সরকার দেশের বিশেষত দক্ষিণ ভারতের একঝাঁক মন্দির থেকে অব্যবহৃত সোনা বা ডেড অ্যাসেট সুকৌশলে ব্যাংকে গচ্ছিত রাখার একটা মিশন চালাচ্ছিল। অঙ্কটা চমকে দেওয়ার মতো। ৩২ হাজার মেট্রিক টন অব্যবহৃত বা ডেড অ্যাসেট সোনা এই কৌশলে চলে এল বাজারে।
তাই কমল সোনার দাম। তবে আর কমার সম্ভাবনা কম। কারণ সদ্য ধনতেরাস গেছে। দেশ জুড়ে আসছে বিয়ের মরসুম। বিশ্বাসযোগ্য হলুদ ধাতুর বাজার বাড়বে। তখন যোগান এবং চাহিদা প্রায় সমান্তরাল পর্যায়ে পৌঁছাবে।