SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

দেশে ফেরার, আত্মপক্ষ সমর্থনের অধিকার আছে হাসিনার, মানবাধিকার একতরফা হতে পারে না: তসলিমা নাসরিন

দেশে প্রবল বিক্ষোভের মধ্যে গতবছর দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। তার সরকারি বাসভবন ভাঙচুর করে উন্মত্ত জনতা

Reported By Zee 24 Ghanta Digital Desk Written By Sekender Abu Zafar
Published: Nov 25, 2026, 14:19 IST | Updated: Nov 25, 2026, 14:23 IST
Image Credit: শেখ হাসিনা
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনটাই দাবি আওয়ামী লীগের। এই খবর রাস্তায় নেমে পড়েছেন লীগ সমর্থকরা। পাশাপাশি রাস্তায় নেমেছে বিএনপিও। এনিয়ে প্রবল গোলমাল শুরু হয়েছে বাংলাদেশে। সরকারের দাবি, শেখ হাসিনাকে দেশে ফেরানো হবে প্রত্যার্পণের মাধ্য়মে, হাতে হাতকড়া পরিয়ে। এনিয়ে এবার কলম ধরলেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন।

সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তসলিমা লিখেছেন, শেখ হাসিনার নিজের দেশে ফেরার অধিকার আছে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দেওয়ার, স্বাধীন ও নিরপেক্ষ আদালতে আত্মপক্ষসমর্থনের, নিজের পছন্দের আইনজীবীর সাহায্য নেওয়ার অধিকার আছে। অভিযোগ যত গুরুতরই হোক, ন্যায়বিচার পাওয়ার অধিকার কারও কেড়ে নেওয়া যায় না। নিজের দেশে ফেরার অধিকার কোনও সরকারের দয়া বা অনুগ্রহ নয়। কাউকে নির্বিচারে এই অধিকার থেকে বঞ্চিত করা যায় না। বিচার হতে হবে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে। দণ্ডাদেশের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিলের সুযোগ থাকতে হবে। এগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত অধিকার।  অপরাধ প্রমাণিত হলে আইন অনুযায়ী জবাবদিহি করতে হবে। একই সঙ্গে তাঁর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বও রাষ্ট্রকে নিতে হবে।

দেশে প্রবল বিক্ষোভের মধ্যে গতবছর দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। তার সরকারি বাসভবন ভাঙচুর করে উন্মত্ত জনতা। সেই জনরোষ ঠেকাতে পারেনি বাংলাদেশের সেনা। তার পর শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট কেড়ে নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে একশোরও বেশি মামলা দেওয়া হয়েছে। বেশিরভাগই খুন-অপহরণের। তার দলকে ভোটে লড়া থেকে নিষিদ্ধ করা হয়েছে।

আরও পড়ুন-বাংলাদেশে ফিরলে কী হবে হাসিনার? গিয়েই বিপদের মুখে পড়বেন, না কি চালে মাত হবে বিএনপি?

তসলিমা নাসরিনের যুক্তি, শেখ হাসিনার রাজনীতির সমালোচনা করেও তাঁর দেশে ফেরার অধিকার স্বীকার করা যায়। তাঁর শাসনামলের অন্যায়ের বিচার চেয়েও তাঁর প্রতি অন্যায়ের বিরোধিতা করা যায়। মানবাধিকার শুধু আমার পছন্দের মানুষের জন্য হলে সেটি আর মানবাধিকার থাকে না। দেশ কোনও দলের সম্পত্তি নয়, কোনও শাসকেরও নয়। দেশে ফিরে রাজনীতি করার, নিজের দলকে সংগঠিত করার অধিকারও তাঁর থাকা উচিত। দলের ওপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন করার এবং আদালতে সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করার সুযোগ থাকতে হবে। রাজনৈতিক অধিকারের ওপর বিধিনিষেধ আরোপ করতে হলে তার আইনসংগত ও যুক্তিসংগত ভিত্তি থাকতে হবে। নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা ও অযোগ্যতার শর্ত আছে; সেই শর্ত সবার জন্য সমানভাবে প্রযোজ্য হতে হবে।  প্রয়োজনীয় যোগ্যতা পূরণ করলে তাঁরও নির্বাচনে অংশ নেওয়ার অধিকার থাকবে। তাঁর দল আইনসংগতভাবে নির্বাচনে অংশ নিয়ে অবাধ ও সুষ্ঠু ভোটে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেলে, সাংবিধানিক প্রক্রিয়ায় সরকার গঠনের সুযোগ পাবে। সরকারপ্রধান হওয়ার ক্ষেত্রেও তাঁকে প্রযোজ্য সাংবিধানিক শর্ত পূরণ করতে হবে। তবে যে দলই ক্ষমতায় আসুক, আমার দাবি একই থাকবে। আমি চাই তারা জিহাদি জঙ্গিবাদ নির্মূল করুক। জঙ্গিদের সংগঠন, প্রশিক্ষণ, অর্থের জোগান ও রাজনৈতিক আশ্রয় বন্ধ করুক। ধর্মের নামে সহিংসতার উসকানি ও অপরাধের বিচার করুক। জঙ্গি তৈরি হওয়ার পথগুলো বন্ধ করুক। সবার জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা হোক। ধনী ও দরিদ্রের ব্যবধান কমুক। দরিদ্র পরিবারের শিশুটিও যেন ভালো শিক্ষা পায়, অসুস্থ মানুষটি যেন টাকার অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়। দেশের সম্পদ ও সুযোগে প্রতিটি মানুষের ন্যায্য অংশ থাকুক। রাষ্ট্রের প্রতিটি সিদ্ধান্তে মানুষের জীবন, স্বাধীনতা ও মর্যাদা গুরুত্ব পাক। 

শেখ হাসিনার দেশে ফেরার খবরে মুখ খুলেছেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর। মঙ্গলবার হুমায়ুন কবীর বলেন, শেখ হাসিনা যদি দেশে ফেরেন তাহলে তাঁকে বন্দি হিসেবেই ফিরতে হবে। তাঁকে হাতকড়া পরিয়েই আনা হবে। শোনা যাচ্ছে উনি বিমান বাংলাদেশের একটি বিমানে দেশে ফিরতে চান। ওই ইচ্ছা তাঁর দিবাস্বপ্ন।

অন্যদিকে, বাংলাদেশ ইন্টারন্যাশানাল ক্রাইম ট্রাইব্যুনালের প্রধান কৌসুলি বলেন, শেখ হাসিনা দেশে ফেরার জন্য যে বিমান পাঠানোর অনুরোধ করেছেন তা একপ্রকার পাগলামি ছাড়া আর কিছুই নয়।

বাংলাদেশের সংবাদমাধ্য়মে বাংলাদেশের বিদেশমন্ত্রী কবীর বলেন, কী চাই আর কী পাব তার মধ্যে বিস্তার পার্থক্য রয়েছে। বাস্তবটা হল একজন জঙ্গিকে প্রত্যার্পণ ছাড়া ফেরত আসতে দেওয়া হবে না। উনি কোনও সাধারণ যাত্রী নয়। ওঁকে একমাত্র হাতকড়া পরিয়ে কড়া প্রহরায় আনা যেতে পারে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

Add Zee News as a Preferred Source
TAGS:

ZEENEWS TRENDING STORIES