দেশে ফিরতে চান! দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে পাসপোর্ট-এনআইডির জন্য আবেদন হাসিনার
Sheikh Hasina: বাংলাদেশের সংবিধানের ৩৬ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, সেদেশের কোন নাগরিকের বিদেশ থেকে দেশে ফিরতে কোনও অনুমতি নেওয়ার প্রয়োজন নেই
মৌমিতা চক্রবর্তী: দেশে ফিরতে চান শেখ হাসিনা। বারবার তিনি সে কথা বলেওছেন। এবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সোমবার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের অফিসের কাছে আবেদন করেছেন।
শেখ হাসিনা আগেই ঘোষণা করেছেন ডিসেম্বর মাসে তিনি দেশে ফিরতে চান। তাঁর হয়ে লন্ডনের একটি 'ল ফার্ম বাংলাদেশ হাই কমিশনের কাছে তাঁর দেশে ফেরার নথিপত্র চেয়েছে। তাঁর বক্তব্য, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই আদালত তাঁর বিরুদ্ধে রায় ঘোষণা করেছে। তিনি ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।
আওয়ামী লিগের শীর্ষ সূত্রে জানা গিয়েছে, লন্ডনের 'ল ফার্ম ম্যাট্রিক্স চেম্বার্সের মাধ্যমে হাসিনার আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের অফিসে সোমবার সকালে শেখ হাসিনার আবেদন পৌঁছে দেন।
আবেদনে তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার তাঁর বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে বলে জানতে পেরেছেন। এই পরিস্থিতিতে নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি।
আরও পড়ুন-আদালত থেকে ব্যাংক- সব থাকবে বন্ধ! বাংলাদেশজুড়ে সর্বাত্মক ধর্মঘটের ডাক ছাত্রলীগের
চিঠিতে আরও বলা হয়েছে, বাংলাদেশের নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক চুক্তি থেকে উদ্ভূত বাধ্যবাধকতা অনুসারে তাঁর আবেদনগুলো যেন দ্রুত নিষ্পত্তি করা হয়।
অন্যদিকে, রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক রাজনৈতিক ও নাগরিক অধিকার সনদ এবং হিউম্যান রাইটস কাউন্সিলের বিধান অনুযায়ী কোনও দেশের নাগরিক বিনা বাধায় নিজের দেশে ফিরতে পারেন। অন্তর্বর্তী সরকার হাসিনার জাতীয় নাগরিক পরিচয় পত্রটি বাতিল করলেও নাগরিকত্ব খারিজ করেনি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)