SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যুপুরী হাইওয়ে! উলটে যাওয়া ট্যাঙ্কারের আগুনে ঝলসে মৃত অন্তত ৩১, আশঙ্কাজনক বহু

Road Accident: হাইওয়েতে ট্যাঙ্কার উলটে ভয়াবহ অগ্নিকাণ্ড। দ্রুত সেই আগুন আশেপাশের যানবাহনে ছড়িয়ে পড়ে। জ্বলন্ত গাড়ির ভেতরে অনেকেই আটকে পড়েন। উদ্ধারকাজ চলাকালীন ঘটনাস্থলের আশেপাশে শত শত মানুষ ভিড় জমান।

Written By Soumita Khan
Published: Nov 26, 2026, 09:18 IST | Updated: Nov 26, 2026, 09:21 IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্যস্ত হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা। জ্বালানি ট্যাঙ্কার উলটে বিধ্বংসী অগ্নিকাণ্ড। দুর্ঘটনায় অন্তত ৩১ জনের মৃত্যু হয় এবং ২১ জন আহত হয়েছেন। প্রশাসনের মতে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনাটি মিশরের রাজধানী গিজার। বৃহত্তর কায়রো অঞ্চলের ব্যস্ততম 'রিং রোড' হাইওয়েতে একটি পেট্রোলিয়াম পণ্যবাহী জ্বালানি ট্যাঙ্কার উলটে যায়।

দুর্ঘটনার পরপরই ট্যাঙ্কারটিতে আগুন ধরে যায় এবং দ্রুত তা আশেপাশের যানবাহনগুলোতে ছড়িয়ে পড়ে। এই ভয়াবহ আগুনে দুই ডজনেরও বেশি গাড়ি ও বাইক সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। জ্বলন্ত গাড়ির ভেতরে অনেকেই আটকে পড়েন।

ঘটনার প্রত্যক্ষদর্শী আহমেদ সামির যানজটে আটকা পড়ে পুরো দৃশ্যটি দেখেন। তিনি জানান, জ্বালানি ট্যাঙ্কার এবং বেশ কয়েকটি গাড়ি দাউদাউ করে জ্বলছিল। আগুনের তীব্রতায় গাড়িগুলো একটি আরেকটির সঙ্গে আটকে যায় এবং চারদিকে চরম আতঙ্ক ও হুড়োহুড়ি শুরু হয়। তিনি নিজে পুড়ে যাওয়া গাড়ি থেকে অন্তত আটটি মৃতদেহ বের করতে দেখেছেন বলে জানান।

আরও পড়ুন: রেল ক্রসিংয়ে চলন্ত ট্রেনের সঙ্গে মিনিবাসের ভয়াবহ সংঘর্ষ! মুহূর্তেই বিধ্বংসী আগুন, মৃত...

খবর পেয়ে দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন। উদ্ধারকর্মীরা জ্বলন্ত গাড়িগুলোর ভেতর থেকে হতাহতদের বাইরে বের করে আনেন। ইমবাবা শহরতলির এই ওয়ারাক এলাকায় উদ্ধারকাজ চলাকালীন ঘটনাস্থলের আশেপাশে শত শত মানুষ ভিড় জমান।

মিশরের স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গাফফার জানিয়েছেন, উদ্ধারকাজে ৩৯টি অ্যাম্বুলেন্স কাজ করেছে এবং আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। তিনি নিজেও দুর্ঘটনাস্থল পরিদর্শনের কথা জানিয়েছেন। এদিকে, মিশরের প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ এল-সিসি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। পাশাপাশি নিহত ও আহতদের পরিবারকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে মিশরের পাবলিক প্রসিকিউটরের কার্যালয়। আগুনে পুড়ে যাওয়া মৃতদেহগুলোর অবস্থা এতটাই খারাপ যে, সেগুলো শনাক্ত করার জন্য ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।

আরও পড়ুন: ভরদুপুরেই গাঢ় আঁধার! শুরু সুদীর্ঘ অন্ধকারের স্পেল! আর উঠবে না সূর্য? কোথায় ঘটল এই অলৌকিক 'বিপর্যয়'?

উল্লেখ্য, বৃহত্তর কায়রোকে ঘিরে থাকা এই রিং রোড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম, যা কায়রো, গিজা এবং কালিউবিয়া প্রদেশের প্রধান হাইওয়েগুলোকে যুক্ত করেছে। রাস্তার বেহাল দশা, বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং ট্রাফিক আইন প্রয়োগে শিথিলতার কারণে মিশরে প্রায়ই এমন প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। সরকারি হিসাব অনুযায়ী, প্রতি বছর দেশটিতে সড়ক দুর্ঘটনায় হাজার হাজার মানুষের মৃত্যু হয়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
Read More

ZEENEWS TRENDING STORIES