SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

বাড়িতেই ভয়ংকর দুর্ঘটনা! জনপ্রিয় টেলি অভিনেত্রী টিনার মাথায় ভেঙে পড়ল ফলস সিলিং

বরাতজোরে প্রাণরক্ষা! পুজো কাটিয়ে কলকাতা থেকে মুম্বই ফিরতেই ভয়াবহ বিপদের মুখে অভিনেত্রী টিনা দত্ত। স্বপ্নের ফ্ল্যাটে আচমকাই মাথার ওপর ভেঙে পড়ল বসার ঘরের ফলস সিলিং! মাথা, ঘাড় ও কাঁধে চোট পেয়েছেন ‘উত্তরণ’ খ্যাত অভিনেত্রী।

Written By Soumita Mukherjee
Published: Nov 25, 2026, 13:54 IST | Updated: Nov 25, 2026, 14:02 IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বড়সড় দুর্ঘটনার মুখে জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী টিনা দত্ত। মুম্বইয়ে নিজের তিলে তিলে গড়ে তোলা স্বপ্নের ফ্ল্যাটেই ভয়াবহ বিপদের সম্মুখীন হলেন তিনি। আচমকাই বসার ঘরের ফলস সিলিংয়ের একাংশ ভেঙে পড়ে অভিনেত্রীর মাথা, ঘাড় ও কাঁধের ওপর। ঘটনায় রীতিমতো চমকে যান টিনা, চোটও পান। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করে ভয়াবহ অভিজ্ঞতার কথা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুন- ‘সাধক বামাক্ষ্যাপা’ হল থেকে সরবে না, প্রাইম টাইমেই চলবে! আইন থাকা সত্ত্বেও টানাপড়েন, কী বলছে রাজ্য সরকার?

টেলিভিশন ইন্ডাস্ট্রিতে পা রাখার পর দীর্ঘ লড়াই করে নিজের জায়গা তৈরি করেছেন বঙ্গতনয়া টিনা দত্ত। হিন্দি ধারাবাহিক ‘উত্তরণ’-এর ‘ইচ্ছা’ চরিত্রের মাধ্যমে সারা দেশে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। পরবর্তীকালে ‘বিগ বস’-এর ঘরেও তাঁর উপস্থিতি নজর কেড়েছিল দর্শকদের। কেরিয়ারে সাফল্য পাওয়ার পর মুম্বইয়ে নিজের মনের মতো করে একটি স্বপ্নের ফ্ল্যাট কিনেছিলেন টিনা। অত্যন্ত শখ করে সাজিয়েছিলেন সেই বাড়ি। ফ্ল্যাটের অন্দরসজ্জার টুকরো মুহূর্ত প্রায়শই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতেন তিনি। কিন্তু সেই স্বপ্নের ফ্ল্যাটেই যে এমন বিপদ অপেক্ষা করছিল, তা কল্পনাও করতে পারেননি অভিনেত্রী।

 

সম্প্রতি দুর্গাপুজোর আনন্দ উপভোগ করতে নিজের শহর কলকাতায় এসেছিলেন টিনা। পরিবার ও প্রিয়জনদের সঙ্গে উৎসবের দিনগুলি কাটিয়ে গত ৩১ অক্টোবর তিনি মুম্বইয়ে নিজের ফ্ল্যাটে ফিরে যান। আর ফ্ল্যাটে পা রাখার পরই ঘটে বিপত্তি। টিনা জানান, সেদিন বাড়ি ঢুকে তিনি হঠাৎ লক্ষ্য করেন, বসার ঘরের দামি কার্পেটের ওপর ছাদের প্লাস্টার বা সিলিংয়ের ভাঙা অংশের মতো কিছু একটা পড়ে রয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্ন নতুন ফ্ল্যাটে হঠাৎ এমন জিনিস কোথা থেকে এল, তা প্রথমে বুঝে উঠতে পারেননি তিনি। বিষয়টি খতিয়ে দেখার জন্য তিনি যেই না জানলার দিকে এগিয়ে গিয়েছেন, ঠিক সেই মুহূর্তেই ঘটে যায় দুর্ঘটনা। আচমকাই সিলিংয়ের আরও একটি বড় অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সরাসরি তাঁর মাথার ওপর।

সিলিংয়ের ভারী অংশ ভেঙে পড়ায় অভিনেত্রীর মাথা, ঘাড় এবং কাঁধে বেশ ভালোমতো চোট লাগে। মুহূর্তের মধ্যে ঘটে যাওয়া এই ঘটনায় হতভম্ব হয়ে যান টিনা। নতুন কেনা এবং নতুন করে সাজানো একটি ফ্ল্যাটে কীভাবে এমন ঘটনা ঘটতে পারে, তা কিছুতেই ভেবে পাচ্ছেন না তিনি। দুর্ঘটনার পরের দু’-তিন দিন মানসিকভাবে বিষয়টি মেনে নিতে বেশ কষ্ট হয়েছিল তাঁর। স্বপ্নের বাড়ির এমন হাল দেখে মন খারাপও হয়েছিল। তবে নিজেকে সামলে নিয়ে অভিনেত্রী মনকে বুঝিয়েছেন যে, ভেঙে পড়লে চলবে না, যেভাবেই হোক এই সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে।

আরও পড়ুন- ‘বহুরূপী’-র পর ফের বড় চমক! রবি কিষাণকে নিয়ে নয়া ছবির প্রস্তুতি নন্দিতা-শিবপ্রসাদের

এমনিতেই গত কয়েকদিন ধরে টিনাকে ঘিরে অনুরাগীদের মনে নানা কৌতূহল ও প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। অবশেষে সোশ্যাল মিডিয়ায় বাড়ির ভাঙা ছাদের সেই ভিডিও শেয়ার করে সবটা খোলসা করেন অভিনেত্রী। ভিডিওর ক্যাপশনে খানিকটা রসিকতা ও বিস্ময় মিশিয়ে টিনা লিখেছেন, "আমার জীবনের গল্প, কিছুটা মজার, কিছুটা অদ্ভুত।"

অভিনেত্রীর এই পোস্ট সামনে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর অগণিত ভক্ত ও সহকর্মীরা। কমেন্ট বক্সে অনেকেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং তাঁকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন। ভক্তদের মতে, সিলিংয়ের আরও বড় অংশ ভেঙে পড়লে বা মাথায় আরও জোরে আঘাত লাগলে বড়সড় বিপদ ঘটে যেতে পারত। আপাতত চিকিৎসা ও বিশ্রামের মাধ্যমে সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন টিনা, পাশাপাশি ফ্ল্যাটের মেরামতির কাজেও হাত দিয়েছেন তিনি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

ইংরেজি সাহিত্যে মাস্টার্স, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার ছাত্রী। ২০১২ সালে টেলিভিশনে হাতেখড়ি, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ২০২১ থেকে ডিজিটালের দুনিয়ায় প্রবেশ। বিনোদনের খবর করা নেহাত বিনোদন নয়, দেড় দশকের সাংবাদিক জীবনে তা প্রতিষ্ঠা করেছেন। তারকাদের প্রশ্ন করাতেই বেশি সাবলীল। তবে শুধু গ্ল্যামার জগতেই আটকে নেই। ভোট কভারেজ থেকে শুরু করে দেশ-বিদেশের সব রকমের খবর, ফিল্ড রিপোর্টিং থেকে ভয়েস ওভার, কপি লেখা থেকে ইভেন্ট কোঅর্ডিনেশন থেকে টিম ম্যানেজমেন্ট-- সর্বমুখিন, সর্বত্রগামী। 
Read More

ZEENEWS TRENDING STORIES